ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলেও তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, একদমই না। এটি যুদ্ধ, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি।”
শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে ট্রাম্পের এই মন্তব্য আসে মার্কিন বিমান ধ্বংসের পর আলোচনার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের প্রশ্নে। সংঘাত শুরুর পর এটিই প্রেসিডেন্টের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।
নিখোঁজ বৈমানিকদের উদ্ধারে চলমান সার্চ অ্যান্ড রেসকিউ অভিযানের বিস্তারিত জানাতে ট্রাম্প অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।
সিএনএন-এর তথ্য অনুযায়ী, ইরানে ভূপাতিত এফ-১৫ই স্ট্রাইক ইগল বিমান থেকে দুইজন ক্রু সদস্যের একজনকে উদ্ধার করা হয়েছে এবং তিনি বর্তমানে মার্কিন হেফাজতে চিকিৎসাধীন। অন্য ক্রু সদস্যের ভাগ্য এখনও অনিশ্চিত। এদিকে, আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি এ-১০ অ্যাটাক বিমান ভূপাতিত হয়েছে বলে ইরান দাবি করেছে, যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অঙ্গনে স্থবিরতা দেখা দিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরান পূর্বনির্ধারিত আলোচনায় অংশ নিতে অস্বীকার করায় যুদ্ধবিরতির প্রচেষ্টা আপাতত স্থগিত। সামরিক সংঘাত এবং কূটনৈতিক তৎপরতা সমান্তরালভাবে চলার কারণে ট্রাম্পের মন্তব্য যুদ্ধের তীব্রতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।