থাইল্যান্ডে সরকারি কার্যালয়ে গুলি, সাবেক এমপি গ্রেপ্তার
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের একটি সরকারি কার্যালয়ে গুলির ঘটনায় একজন শীর্ষ সরকারি কর্মকর্তা ও তার গাড়িচালক আহত হয়েছেন। এ ঘটনায় দেশটির সাবেক আইনপ্রণেতা চালং রিউরায়েংকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সংঘটিত এই ঘটনায় ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার সভাপতি থংচাই ইয়েনপ্রাসের্তকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে তিনি এবং তার গাড়িচালক আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সঙ্গে ননথাবুরি প্রদেশের সাবেক এমপি চালং রিউরায়েং জড়িত। ঘটনার পর তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার একটি ব্যতিক্রমী দিক হলো, হামলার পর চালং একজন পরিচিত রাজনৈতিক ভাষ্যকার ও ইউটিউবারকে ফোন করে নিজেই হামলার কথা স্বীকার করেন বলে জানা গেছে। ওই সময় ভাষ্যকার আনচালি পাইরিরক ইউটিউবে সরাসরি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন।
লাইভ অনুষ্ঠানের মাঝেই ফোনকলটি গ্রহণ করেন আনচালি। ফোনে কথা বলার সময় তাকে বিস্মিত দেখা যায়। পরে তিনি কলদাতাকে প্রশ্ন করেন, আহত ব্যক্তি মারা গেছেন কি না এবং তাকে ঘটনাস্থলে থেকে পুলিশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন।
তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়। গ্রেপ্তারের সময় সাংবাদিকদের কাছে চালং দাবি করেন, থংচাই তার একটি অনুরোধ প্রত্যাখ্যান করায় তিনি ক্ষুব্ধ ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং হামলার পেছনের উদ্দেশ্য জানতে বিস্তারিত তদন্ত চলছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ননথাবুরি প্রদেশে আরেকটি ভয়াবহ গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক কিশোর বাড়ি ও একটি স্কুলে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করার পর আত্মহত্যা করে। তবে সাম্প্রতিক দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।