হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় টানা ১১ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী ১৬ বগির একটি ডিজেলবাহী ট্রেন মনতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত পাঁচটি ট্যাংকার বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের সেতু থেকে ছিটকে খালে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনচ্যুত বগি থেকে বিপুল পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বিকট শব্দে কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিগুলোতে প্রায় দুই লাখ লিটার ডিজেল ছিল, যার একটি অংশ নষ্ট হয়েছে। ইতোমধ্যে দুটি বগি উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে।
দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।