মুন্সীগঞ্জের সিরাজদিখানে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এভার গ্রিন পরিবহনের একটি চলন্ত বাসে কুচিয়ামোড়া সেতুর ওপর আগুন লেগেছে।
খবর পাওয়ার পরপরই সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার বিষয়টি টের পেয়ে বাসচালক দ্রুত গাড়িটি নিরাপদ স্থানে থামিয়ে দেন। ফলে বাসে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হন এবং কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটির বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যেও কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।