ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন ইস্যুতে সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পাঁচ সিনেট সদস্য।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। ওয়াকআউটকারীরা হলেন ডাকসু ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সদস্য সাবিকুন্নাহার তামান্না।
জানা গেছে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব সিনেটে উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আলোচনায় থাকা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল।
সিনেট অধিবেশনে বিষয়টি আলোচ্যসূচি হিসেবে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। পরে এ নিয়ে বিভিন্ন সিনেট সদস্য মতামত দেন।
আলোচনার সময় কয়েকজন সদস্য বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের পক্ষে মত দেন। অন্যদিকে, কিছু সদস্য নাম পরিবর্তনের বিষয়ে আপত্তিও জানান।
ডাকসু প্রতিনিধিরা দাবি করেন, সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বর্তমান নামের কারণে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তারা জানান, নাম পরিবর্তনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং বিষয়টি আবার সিন্ডিকেটে পাঠানো হলে নির্দিষ্ট মতামত ও সুপারিশ যুক্ত করা উচিত।
ডাকসু ভিপি সাদেক কায়েম বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নজির রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলোর নাম পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নাম বিবেচনা করা যেতে পারে।
এদিকে সিনেট সদস্য ফজলুল হক মিলন শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম প্রস্তাব করেন।
দীর্ঘ আলোচনার পর উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর নির্দেশ দেন। এরপরই ডাকসুর পাঁচ সিনেট সদস্য অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।