মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশপথে বড় ধরনের প্রভাব পড়েছে। এর জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) একদিনেই ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। ফলে এসব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল কার্যত ব্যাহত হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিল হয় ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট। সর্বশেষ বৃহস্পতিবার (৫ মার্চ) আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারওয়েজের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাভিত্তিক এয়ার অ্যারাবিয়ার ১০টি ফ্লাইট। এছাড়া এমিরেটসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, গালফ এয়ারের দুটি এবং ফ্লাইট দুবাইয়ের চারটি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ৫ মার্চ পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের গন্তব্যগুলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।