আফজাল হোসেন-আফসানা মিমিকে নিয়ে আসছে ‘রঙিন সুরমা’
মানুষের অনুভূতি, সত্য-মিথ্যার দ্বন্দ্ব এবং জীবনের অদেখা রঙকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সীমিত দৈর্ঘ্যের কনটেন্ট ‘রঙিন সুরমা’। রিয়াজুল হক ইমরান পরিচালিত এই প্রযোজনায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দেশের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি।
গল্পের কেন্দ্রীয় চরিত্র মুন্তাসির ও শাহিদা। তাদের জীবন যেন সুরমার মতোই বাইরে ধূসর, অথচ ভেতরে লুকিয়ে রয়েছে নানা অনুভূতি ও রঙের গল্প। এই দুই চরিত্রে দেখা যাবে আফজাল হোসেন ও আফসানা মিমিকে।
কাজটি সম্পর্কে আফজাল হোসেন বলেন, “এটি মূলত দুইজন মানুষ এবং একটি সংকটকে ঘিরে নির্মিত গল্প। চরিত্র দুটিই বয়স্ক। বর্তমানে দর্শকদের কাছে দ্রুত উত্তেজনাপূর্ণ গল্পের চাহিদা বেশি। কিন্তু এমন সময়ে যদি কেউ ধীরগতির, আবেগঘন ও অনুভূতিনির্ভর গল্প বলতে চায়, সেটি অবশ্যই বিশেষ কিছু। সেই ভাবনা থেকেই আগ্রহ নিয়ে কাজটি করেছি। আশা করি, গল্পের আবেগ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”
অন্যদিকে আফসানা মিমি জানান, শুরুতেই ‘রঙিন সুরমা’ নামটি তার দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি বলেন, “ইমরান যখন স্ক্রিপ্ট পাঠান, নামটাই প্রথমে আমাকে টেনেছিল। এরপর পড়তে শুরু করে শেষ করেছি চোখে জল নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর কাজটি সম্পন্ন হয়েছে। এখন শুধু দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষা।”
আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন আফসানা মিমি। তার ভাষায়, “আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। ছোটবেলা থেকে যাকে পর্দায় দেখে ভালোবেসেছি, তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। তিনি সবসময় কাজের পরিবেশকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলেন।”
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট রাত ১২টায় (১৩ আগস্টের প্রথম প্রহরে) দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রঙিন সুরমা’।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।