বাংলাদেশ সফরে ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন, চলছে নানা আলোচনা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি সরকারি সফরে বাংলাদেশে এসেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে এ বিষয়ে এখনো ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
পরাগ জৈন বর্তমানে ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। তার সঙ্গে সফরকারী প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন পারস্পরিক ইস্যুতে আলোচনার প্রেক্ষাপটে ‘র’-প্রধানের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও সফরের নির্দিষ্ট উদ্দেশ্য, সম্ভাব্য বৈঠক কিংবা আলোচ্যসূচি সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়ায় এ ধরনের উচ্চপর্যায়ের সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।