নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাফিজুল ইসলাম (১৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিজুল ইসলাম দুলালপুর ইউনিয়নের মানিকদী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনায় একই গ্রামের সিফাত মিয়া (২৫) ও মনোয়ারা বেগম (৭০) গুরুতর আহত হন।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মাফিজুল ইসলাম ও সিফাত মিয়া মোটরসাইকেলে করে পলাশ উপজেলার চরসিন্দুরে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথে দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় মনোয়ারা বেগমের সঙ্গে সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা প্রাচীরে আঘাত করলে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথেই মাফিজুল ইসলাম মারা যান। সিফাত মিয়া জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এবং মনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পিতা আবুল হোসেন জানান, তার ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতির জন্য একটি ট্রেনিং সেন্টারে ভর্তি ছিল। দুর্ঘটনার খবর পেয়ে তিনি শোকাহত।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা বলেন, “দূর্ঘটনার সময় আমি অফিসে ছিলাম। বাইরে শব্দ শুনে বের হয়ে দেখি তিনজন গুরুতর আহত। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়, পরে জানতে পারি একজন মারা গেছেন।”
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার বিষয়ে খবর পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।