নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইপিজেডের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরে কারখানাটির গুদামে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো ইপিজেড এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে তারা আগুনের সংবাদ পান।
তিনি বলেন, ইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কাপড়ের গুদাম হওয়ায় কিছু স্থানে সামান্য আগুন জ্বলতে দেখা গেছে, যা নিয়ে বড় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছানো গণমাধ্যমকর্মীদের ইপিজেডের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।