সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্টদের মতে, পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে পরিবারের অতিরিক্ত ব্যয় মেটাতে প্রবাসীরা আগের তুলনায় বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে মোট ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী, এর পরিমাণ দাঁড়ায় ৪৬ হাজার কোটি টাকারও বেশি যা এক মাসে সর্বোচ্চ।
গত বছরের মার্চ মাসে রেমিট্যান্স ছিল ৩৩০ কোটি ডলার। সেই তুলনায় এবার প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এর আগে, ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬২১ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১৭৮ কোটি ডলার।
এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে আমদানি ব্যয় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.২৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (BPM-6) হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯.৬১ বিলিয়ন ডলার।