লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের নিরাপদে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
জানা গেছে, উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন এসব বাংলাদেশি। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা আটক বা উদ্ধার হন। পরে তাদের লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়, যেখানে তারা দীর্ঘ সময় মানবেতর পরিবেশে জীবনযাপন করেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে স্থানীয় প্রশাসন ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে আসছে তারা। এর ধারাবাহিকতায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএমের সহায়তায় সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
দূতাবাসের তথ্যমতে, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই, সাক্ষাৎকার গ্রহণ ও প্রত্যাবাসন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সেখানে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গত ৭ আগস্ট একই ধরনের পরিস্থিতিতে লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন ৩৪০ বাংলাদেশি। সর্বশেষ এই ১৭৪ জনসহ চলতি মাসে মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভন থেকে দূরে থেকে সরকারি অনুমোদিত পদ্ধতিতে বিদেশগমনের পরামর্শ দেওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।