পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার থেকে প্রায় ৬ হাজার লিটার ডিজেল ও পেট্রল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলারে অভিযান চালিয়ে এসব জ্বালানি উদ্ধার করা হয়।
অভিযানে ৩ হাজার ২০০ লিটার ডিজেল এবং ৩ হাজার লিটার পেট্রল জব্দ করা হয়। অবৈধভাবে তেল সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
জানা গেছে, জব্দ করা জ্বালানির আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা, যা সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রশাসনের অনুমতি ছাড়া নৌপথে জ্বালানি পরিবহনের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।