ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগোতে চায় সরকার। এ লক্ষ্যেই টাকা ছাপানোর পথে না গিয়ে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury।
বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতির ভিত আরও মজবুত হবে।
কর-জিডিপি অনুপাত ও জিডিপির আকার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী না হলে কর আদায় বাড়ানো কঠিন। তাই প্রথম লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা।
তিনি আরও বলেন, আসন্ন বাজেট এমনভাবে প্রণয়ন করা হবে যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হন এবং দীর্ঘমেয়াদে আস্থা রাখতে পারেন।
নীতির ধারাবাহিকতার ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, ঘন ঘন নীতির পরিবর্তন বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। তাই স্থিতিশীল নীতি বজায় রাখা জরুরি।