বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিল শুধু সবচেয়ে সফল দলই নয়, গোল করার ক্ষেত্রেও তারা সবার শীর্ষে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার অনন্য রেকর্ড নিজেদের দখলে রেখেছে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। দীর্ঘ এই যাত্রায় প্রতিপক্ষের জালে ২৩৭ বার বল জড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা অর্জন করেছে তারা।
বিশ্বকাপের সর্বাধিক গোলের তালিকায় ব্রাজিলের ঠিক পরেই রয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টের ইতিহাসে মোট ২৩২ গোল করেছে। অন্যদিকে, ১৫২ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শীর্ষ গোলদাতা দেশগুলোর তালিকায় আরও রয়েছে ফ্রান্স, ইতালি, স্পেন এবং ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স করেছে ১৩৬ গোল, ইতালি ১২৮, স্পেন ১০৮ এবং ইংল্যান্ড ১০৪ গোল।
ব্রাজিলের এই গোলসমৃদ্ধ ইতিহাসের পেছনে রয়েছে ফুটবল বিশ্বের অসংখ্য কিংবদন্তির অবদান। ফুটবল সম্রাট পেলে থেকে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং বর্তমান প্রজন্মের নেইমার জুনিয়র প্রতিটি যুগেই বিশ্বমানের তারকারা সেলেসাওদের আক্রমণভাগকে সমৃদ্ধ করেছেন।
দীর্ঘ দশকজুড়ে আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দিয়ে ব্রাজিল শুধু শিরোপাই জেতেনি, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের রেকর্ডও নিজেদের করে নিয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।