ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি পুনঃআয়োজনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। প্রশ্নফাঁসের বিতর্কের পর এবার প্রথমবারের মতো পরীক্ষার প্রশ্নপত্র পরিবহনে ভারতীয় বিমানবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে।
আগামী ২১ জুন অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্র দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদে পৌঁছে দিতে বিমানবাহিনীর বিমান ব্যবহার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র পরিবহনের সময় কোনো ধরনের কারচুপি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, পরীক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
গত ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
নতুন নিরাপত্তা পরিকল্পনার আওতায় সারা দেশে প্রায় পাঁচ লাখ নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। পরীক্ষাকেন্দ্র, প্রশ্নপত্র পরিবহন এবং পুরো পরীক্ষা কার্যক্রম বিশেষ নজরদারির মধ্যে রাখা হবে।
এছাড়া পরীক্ষাকেন্দ্রগুলোতে এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকবে বিশেষ পর্যবেক্ষণ, যাতে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করা যায়।
প্রশ্নপত্র প্রস্তুত প্রক্রিয়াতেও কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। শিক্ষক ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের একটি দলকে নির্দিষ্ট স্থানে বিচ্ছিন্নভাবে রেখে প্রশ্ন তৈরি করা হচ্ছে। তাদের মোবাইল ফোন, ইন্টারনেট ও বাইরের যোগাযোগের সুযোগ সীমিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নপত্র সংশ্লিষ্ট পুরো প্রক্রিয়া কঠোর নিরাপত্তার মধ্যে থাকবে।
প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী অংশ নেওয়া এই পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে নতুন নিরাপত্তা ব্যবস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।