বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিস এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট ও বিপণিবিতান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সন্ধ্যার পর দেশের সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ফার্মেসি এবং খাবারের দোকানের মতো জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, ফার্মেসিগুলো প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। পাশাপাশি এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ব্যাংকিং খাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকসেবা দেবে, তবে অভ্যন্তরীণ কাজ শেষ করতে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
সরকার বলছে, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এবং জ্বালানি সংকট মোকাবিলায় এই কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচি ও যাতায়াতজনিত সময় সাশ্রয়ের বিষয়টিও এতে বিবেচনায় নেওয়া হয়েছে।