বাংলাদেশ ব্যাংক দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের অফিস ও লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়মে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’ এর নির্দেশনা বহাল থাকবে।
এছাড়া দেশের সরকারি-বেসরকারি সব অফিসও নতুন সময়সূচি অনুসরণ করবে। রবিবার থেকে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছে সরকার।