দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে আলোচিত সিনেমা ‘মালিক’। ছবিটির বিশেষ প্রদর্শনী উপলক্ষে আগামী ১২ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন ঢালিউড তারকা আরিফিন শুভ।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন সিনেমা হলে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। বংগোজ ফিল্মসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে সরাসরি উপস্থিত থাকবেন ছবির প্রধান অভিনেতা আরিফিন শুভ।
শুধু সিডনিতেই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনে অংশ নিয়ে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এই জনপ্রিয় অভিনেতা।
প্রিমিয়ার শোতে দর্শকদের সঙ্গে একসঙ্গে সিনেমাটি উপভোগ করার পাশাপাশি তাদের প্রতিক্রিয়াও শুনবেন আরিফিন শুভ। দেশের বাইরে বাংলা সিনেমার প্রচার ও প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে এবং নতুন নতুন প্রেক্ষাগৃহে শো যুক্ত হওয়ায় রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
অস্ট্রেলিয়ায় প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, “হ্যালো অস্ট্রেলিয়া, আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।”
তিনি আরও জানান, সিডনির প্রদর্শনীতে দর্শকদের ভালো সাড়া পাওয়া গেলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে সিনেমাটি উপভোগ করার আহ্বানও জানান তিনি।
দেশীয় সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক দর্শকদের সামনে নিজেদের গল্প তুলে ধরতে প্রস্তুত ‘মালিক’। আর সেই যাত্রার অন্যতম আকর্ষণ হয়ে থাকছেন আরিফিন শুভ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।