দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও উন্মুক্ত করা হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এর ফলে জেলে, বাওয়ালি, মৌয়ালি ও বননির্ভর মানুষরা আবারও মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণের সুযোগ পাবেন। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের জন্যও খুলে দেওয়া হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো।
সুন্দরবন খুলে দেওয়ার সিদ্ধান্তে উপকূলীয় এলাকার বননির্ভর মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন কর্মহীন থাকার পর নতুন করে আয়-রোজগারের আশা দেখছেন তারা।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে প্রবেশের জন্য বৈধ পাস-পারমিট প্রদান, নৌযান চলাচল নিয়ন্ত্রণ এবং বনজ সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি বন বিভাগ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে। নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে বন বিভাগের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে নজরদারি চালিয়েছেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রতি বছরের মতো চলতি বছরও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ছিল। বন বিভাগের মতে, এ সময় মাছ, বন্যপ্রাণী ও বিভিন্ন উদ্ভিদের প্রজনন মৌসুম হওয়ায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে তিন মাসের নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বননির্ভর জেলে ও বাওয়ালিরা। অনেকেই সংসার চালাতে ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা জিন্নাত গাজী বলেন, বন বন্ধ থাকায় পরিবার চালাতে কষ্ট হয়েছে। এখন সুন্দরবন খুলে গেলে আবার মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা সম্ভব হবে।
জেলে রিপন গাজী জানান, দীর্ঘদিন ধারদেনা করে চলতে হয়েছে। তাই বন খোলার খবরে তারা নৌকা, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করছেন।
এদিকে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন খাতেও ফিরছে প্রাণচাঞ্চল্য। পর্যটকবাহী নৌযান মালিক, মাঝি, শ্রমিক, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরাও নতুন করে ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। সাতক্ষীরা রেঞ্জে প্রায় ২৫০টি পর্যটন নৌযান এবং প্রায় দেড় হাজার শ্রমিক এ খাতের সঙ্গে সম্পৃক্ত।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।