বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী Puja Cherry Roy। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার এখনও বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবার আগে ভক্ত ও গণমাধ্যমকে নিজেই জানাবেন।
সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে পূজা চেরী বলেন, গত কয়েকদিন ধরে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো এক পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে, যা তাকে বিব্রত ও হতাশ করছে।
অভিনেত্রী জানান, এর আগে একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। সময় হলে তিনি নিজেই সবাইকে বিষয়টি জানাবেন।
পূজা চেরী আরও বলেন, বর্তমানে তিনি নিজের জন্য কিছু সময় নিচ্ছেন এবং নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। তাই সাম্প্রতিক সময়ে তাকে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।
ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোনো তথ্য যাচাই ছাড়াই বারবার তার ব্যক্তিগত জীবন নিয়ে অসত্য খবর প্রকাশ করা হচ্ছে। তার নীরবতাকে সুযোগ হিসেবে ব্যবহার করা হলে তিনি নিজের আইনি অধিকার প্রয়োগ করতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন।
নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথা তুলে ধরেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পূজা চেরী বলেন, তিনি সবসময় দর্শকদের ভালোবাসা এবং গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করেন। তবে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।