নেপালের পোখারায় শুরু হলো অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং
নেপালের পর্যটননগরী পোখারার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে শুরু হয়েছে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। দুই পাশে পাহাড়, সামনে বিস্তৃত পর্বতশ্রেণি এবং নীল আকাশের অপূর্ব সৌন্দর্যের মধ্যেই আয়োজন করা হয় সিনেমাটির মহরতের অনুষ্ঠান।
শুটিং শুরুর আগে নিজস্ব রীতি অনুসরণ করে সিনেমার সফলতা কামনায় দোয়া করা হয়। প্রথমে দোয়া পরিচালনা করেন সিনেমাটির প্রধান অভিনেতা মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ের শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
মহরতের পরপরই পরিচালক কামরুজ্জামান রোমানের পরিচালনায় এবং রেজা ফিল্মের প্রযোজনায় নির্মিত ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত এবং ‘রনি’ ও ‘জিল্লু’খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। নির্মাতাদের প্রত্যাশা, তিন দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে ‘শিকার’।
সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, “গল্পটি শোনার পরই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। কারণ এতে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি এই সিনেমার মাধ্যমে নতুন নায়ক হিসেবে মুর্তজা পলাশের অভিষেক হচ্ছে, বিষয়টি আমাকে আরও বেশি উৎসাহিত করেছে। আশা করি দর্শক গল্পটি পছন্দ করবেন।”
অন্যদিকে নাটকে পরিচিত মুখ হলেও ‘শিকার’-এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। নিজের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ি অঞ্চলে প্রায় এক মাসব্যাপী চলবে সিনেমাটির শুটিং। আগামী বছর ঈদ উপলক্ষে ‘শিকার’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।