গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়ে আহত ফুটবলার, পরে বাতিল হলো গোলও
গোল করার আনন্দে সমর্থকদের দিকে ছুটে গিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার জাসি মারানহাও। তবে উদযাপনের সেই মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা। মাঠের পাশের একটি খোলা টানেলে পড়ে গিয়ে আহত হন কোরিতিবার এই ফুটবলার। পরে আরও হতাশার খবর আসে, ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) যাচাই করে তার করা গোলটিও বাতিল করে দেন।
ঘটনাটি ঘটে ব্রাজিলের শীর্ষ লিগে কোরিতিবা ও শাপেকোয়েন্সের ম্যাচে। কুতো পেরেইরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোরিতিবা তখন ১-০ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধের শেষ দিকে জাসি দ্বিতীয় গোল করেছেন বলে মনে করে উচ্ছ্বাসে মাঠের পাশের বিজ্ঞাপনী বোর্ড টপকে সমর্থকদের দিকে ছুটে যান।
কিন্তু বোর্ডের ওপাশে যে একটি খোলা টানেল ছিল, তা তিনি বুঝতে পারেননি। ফলে মুহূর্তের মধ্যেই টানেলের ভেতরে পড়ে যান ২৯ বছর বয়সী এই ফুটবলার। টানেলটি স্টেডিয়ামের অ্যাওয়ে ড্রেসিংরুমের দিকে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত এটি ঢেকে রাখা হলেও ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে মাঠকর্মীরা সেটি খুলে রেখেছিলেন।
ঘটনার ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ড পার হওয়ার পরই জাসি হঠাৎ নিচে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে সতীর্থরা দ্রুত সেখানে ছুটে যান এবং তাকে টানেল থেকে উদ্ধার করেন।
প্রাথমিক চিকিৎসার পর জাসি আবার মাঠে ফিরে প্রথমার্ধের বাকি সময় খেলেন। তবে টানেলে পড়ে যাওয়ার কারণে তার গোড়ালিতে চোট লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে তার গোড়ালিতে বরফ প্রয়োগ করতে দেখা যায়।
এরপর আসে আরও বড় ধাক্কা। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, গোল হওয়ার আগে অফসাইড হয়েছিল। ফলে রেফারি গোলটি বাতিল করে দেন এবং জাসির উদযাপনও অর্থহীন হয়ে যায়।
তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। কোরিতিবা ২-১ গোলে শাপেকোয়েন্সকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।
মজার বিষয় হলো, একই স্টেডিয়ামে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ২০১৪ সালে কোরিতিবার আরেক ফুটবলার জোয়েল গোল উদযাপন করতে গিয়ে একই টানেলে পড়ে যান। ফলে এক দশকের ব্যবধানে একই মাঠে প্রায় অভিন্ন ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গোল বাতিল হওয়ার পর অনেকেই বিষয়টিকে ফুটবলের অন্যতম অদ্ভুত ও দুর্ভাগ্যজনক উদযাপন হিসেবে আখ্যা দিচ্ছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।