রবার্ট প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ট্রেলারে ঝড়, পিছাল ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
হলিউড তারকা রবার্ট প্যাটিনসনের নতুন সিনেমা ‘প্রাইমটাইম’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে।
সিনেমাটিতে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করেছেন প্যাটিনসন। ট্রেলারটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই উচ্ছ্বাসের মধ্যেই ভক্তদের জন্য এসেছে হতাশার খবর। বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-এর মুক্তির তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত ও সফল সময় পার করছেন রবার্ট প্যাটিনসন। তিনি সম্প্রতি ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-তে যুক্ত হয়েছেন। পাশাপাশি ‘ডুন: পার্ট থ্রি’ সিনেমায় খলনায়ক স্কাইটেল চরিত্রেও দেখা যাবে তাকে।
পরিচালক ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ শুরুতে ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী সিনেমাটি মুক্তি পাবে ২০২৮ সালের ১৮ ফেব্রুয়ারি। ফলে প্রিয় সুপারহিরোর প্রত্যাবর্তন দেখতে ভক্তদের আরও এক বছর অপেক্ষা করতে হবে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে সময় বাঁচানোর জন্য ‘দ্য ব্যাটম্যান’ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির শুটিং একসঙ্গে করা হতে পারে। তবে ডিসি স্টুডিওসের সহপ্রধান জেমস গান সেই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো পরিকল্পনা বর্তমানে নেই।
প্রথম সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েলেও থাকছেন পরিচিত অনেক মুখ। ব্যাটম্যান চরিত্রে রবার্ট প্যাটিনসনের পাশাপাশি ফিরছেন কলিন ফ্যারেল, অ্যান্ডি সার্কিস, জেফরি রাইট এবং ব্যারি কিওগান। এছাড়া নতুনভাবে যুক্ত হয়েছেন স্কারলেট জোহানসন, সেবাস্টিয়ান স্ট্যান, চার্লস ডান্স ও ব্রায়ান টাইরি হেনরির মতো জনপ্রিয় তারকারা।
তারকাবহুল কাস্ট ও বিশাল প্রত্যাশা নিয়ে নির্মিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ এখন থেকেই হলিউডের অন্যতম আলোচিত প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।