বিশ্বকাপ শুরুর আগেই যুদ্ধ পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে ইরান ফুটবল দল। তবে প্রতিকূল সব পরিস্থিতি কাটিয়ে টুর্নামেন্টে ইতিবাচক সূচনা করেছে মেহদি তোরাবিদের দল।
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। তিনি বলেন, কঠিন বাস্তবতার মধ্যেও খেলোয়াড়রা অসাধারণ ফুটবল খেলেছে এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েন। এমনকি উইঙ্গার মেহদি তোরাবিকেও নতুন করে ভিসা সংগ্রহ করতে হয়েছে। এসব জটিলতার তীব্র সমালোচনা করেছেন ঘালেনোই।
বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ড্রয়ের পর ইরান কোচ বলেন, “আমরাই এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।”
একই সঙ্গে তিনি খেলোয়াড়দের প্রশংসা করে জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা দারুণ মানসিকতা ও লড়াইয়ের পরিচয় দিয়েছে। বিশেষভাবে গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের প্রশংসা করেন ঘালেনোই। ম্যাচে ৭টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেওয়ায় তাকে ইরানি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক বলে অভিহিত করেন তিনি।
ঘালেনোই বলেন, “এই খেলোয়াড়রা সর্বোচ্চ নিবেদন নিয়ে খেলছে। ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের অবদান সবসময় স্মরণ করবে।”
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে মোহাম্মদ সালাহদের বিপক্ষে জয় পেতেই হবে আমির ঘালেনোইয়ের শিষ্যদের।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।