বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোল করেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে তিনি স্পেনকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ছুঁয়ে ফেলেছেন ব্রাজিল কিংবদন্তি পেলের একটি পুরোনো রেকর্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। প্রথম একাদশে সুযোগ পাওয়া ইয়ামালও ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। ম্যাচের ১০ মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। তার গোলে দ্রুতই লিড পায় স্পেন।
এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের একটি বিশেষ রেকর্ডে নাম লেখান ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচের প্রথম গোল করার কীর্তি এতদিন এককভাবে ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে।
১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে গোল করে পেলে এই কীর্তি গড়েছিলেন। প্রায় ৬৮ বছর পর সেই রেকর্ডে এবার সমতা আনলেন স্পেনের উদীয়মান তারকা ইয়ামাল।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন পারফরম্যান্স তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। অল্প বয়সেই ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের প্রতিভার ছাপ রাখা এই ফুটবলারকে ভবিষ্যতের অন্যতম সেরা তারকা হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক।
স্পেনের জন্যও এটি বড় স্বস্তির খবর। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলের আক্রমণভাগে নিজের গুরুত্ব আরও একবার প্রমাণ করলেন ইয়ামাল। বিশ্বকাপের বাকি পথেও তার দিকে থাকছে সমর্থক ও ফুটবলপ্রেমীদের বিশেষ নজর।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।