বিশ্বকাপের ইতিহাসে সেরা ফুটবলার কে এই বিতর্কের শেষ নেই। কেউ বলেন মেসি, কেউ ম্যারাডোনা, আবার কারও কাছে পেলে কিংবা রোনালদোই সর্বকালের সেরা। প্রায় এক শতাব্দীর বিশ্বকাপ ইতিহাসে অসংখ্য কিংবদন্তির আবির্ভাব হলেও তাদের মধ্য থেকে সবচেয়ে প্রভাবশালী ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে বিবিসি স্পোর্টস।
তালিকার দশম স্থানে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে তার ঐতিহাসিক হ্যাটট্রিক ইংল্যান্ডকে এনে দেয় একমাত্র বিশ্বকাপ শিরোপা। আজও সেই কীর্তি ইংলিশ ফুটবলের সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত।
নবম স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফু। বিশ্বকাপ ইতিহাসে টানা তিনটি ফাইনাল খেলা একমাত্র ফুটবলার তিনি। ১৯৯৪ সালে শিরোপা জয়ের স্বাদ পান, ১৯৯৮ সালে রানার্সআপ হন এবং ২০০২ সালে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করেন।
অষ্টম স্থানে রয়েছেন ইতালির পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে অসাধারণ পারফরম্যান্সে ইতালিকে শিরোপা জেতান। টুর্নামেন্টে ৬ গোল করে জেতেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল।
সপ্তম স্থানে ফ্রান্সের জিনেদিন জিদান। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে দুই গোল করে স্বাগতিক ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতান তিনি। যদিও ২০০৬ সালের ফাইনালে লাল কার্ড দেখার ঘটনা তার বিশ্বকাপ ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়।
ষষ্ঠ স্থানে বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজেকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেন। ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিক করে তিনি নিজের অসাধারণ সামর্থ্যের প্রমাণ দেন।
পঞ্চম স্থানে আছেন পশ্চিম জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। খেলোয়াড় হিসেবে ১৯৭৪ সালে এবং কোচ হিসেবে ১৯৯০ সালে বিশ্বকাপ জিতে বিরল এক কীর্তি গড়েছেন তিনি।
চতুর্থ স্থানে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। নেতৃত্ব, গোল এবং অ্যাসিস্টে টুর্নামেন্টজুড়ে ছিলেন অনন্য।
তৃতীয় স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। ২০০২ বিশ্বকাপে ৮ গোল করে ব্রাজিলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পও লিখেছিলেন তিনি।
দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে তার একক নৈপুণ্য, নেতৃত্ব এবং স্মরণীয় গোলগুলো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
আর তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিনবার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার হিসেবে তিনি এখনও অনন্য। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলকে শিরোপা জেতানোর মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজের নাম অমর করে গেছেন তিনি।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে অসংখ্য তারকা জন্ম নিয়েছেন, তবে বিবিসি স্পোর্টসের মূল্যায়নে পেলে এখনও সর্বকালের সেরা বিশ্বকাপ ফুটবলারের আসনে অটুট রয়েছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।