রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন। এখানে ‘সংস্কার পরিষদ’ বলতে কিছু নেই। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের জন্য আগে সংশোধনী আনা প্রয়োজন।”
গত বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রোববার পর্যন্ত স্থগিত করেছিলেন।
জাতীয় সংসদ সচিবালয় জানায়, রোববারের কার্যসূচিতে থাকবে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা।
প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।
সংসদের কার্য উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নির্ধারণ করা হয়।
রাষ্ট্রীয় ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।