ঢাকা-৮ আসনের নির্বাচনী ফল নিয়ে আপত্তি জানিয়ে বিজয়ী প্রার্থীর শপথ স্থগিত রাখার আবেদন করেছে ১১ দলীয় জোট। জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এ সংক্রান্ত একটি লিখিত আবেদন প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার পক্ষে আবেদনপত্রটি নির্বাচন কমিশনে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে ১২টি কেন্দ্রের অনিয়মের বিষয়ে ১১ দফা অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে জানা গেছে। নাসীরুদ্দীন দাবি করেন, ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস ও তার সমর্থকদের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তার, ফল প্রকাশে বিলম্ব এবং বাতিল ভোট গণনায় যুক্ত করার মতো অনিয়মের অভিযোগ রয়েছে।
তার অভিযোগ, সংশ্লিষ্ট কিছু প্রিজাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অনিয়মের কারণে প্রকৃত ফল প্রতিফলিত হয়নি বলে দাবি করে তিনি আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত আসনগুলোর একটি ছিল ঢাকা-৮। ঘোষিত ফল অনুযায়ী, এ আসনে মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।
নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এখনো কোনো মতামত নেই।