বিশ্বকাপ ফাইনালকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে পৌঁছেছে। ম্যাচ শুরুর আগেই শেষ মুহূর্তের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। বিভিন্ন বিক্রয় প্ল্যাটফর্মে ফাইনালের একটি টিকিটের সর্বোচ্চ মূল্য ৬০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা।
শনিবার ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৮ লাখ টাকা। তবে অল্প সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
এরপর পুনর্বিক্রয় বাজারে সবচেয়ে কম দামের টিকিটও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।
মাঠের কাছাকাছি আসনের টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। অন্যদিকে, বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য উঠেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।
শুধু ফিফার ওয়েবসাইটই নয়, জনপ্রিয় পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক (SeatGeek) ও স্টাবহাব (StubHub)-এও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে, আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য পৌঁছেছে ৩৫ হাজার ডলার পর্যন্ত।
এবারের বিশ্বকাপ ফাইনাল নিয়ে সমর্থকদের আগ্রহের অন্যতম কারণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের সম্ভাব্য প্রথম বিশ্বকাপ মুখোমুখি লড়াই। পাশাপাশি এটিকে মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবেও দেখা হচ্ছে, যা টিকিটের চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে।
ফাইনালে আর্জেন্টিনা খেলবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে। একই সঙ্গে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগও রয়েছে তাদের সামনে। সর্বশেষ ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছিল।
অন্যদিকে, স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে। চলতি আসরে লিওনেল মেসি এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
উল্লেখ্য, গত মার্চে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সেই ম্যাচ বাতিল হয়। শেষ পর্যন্ত দুই দলই মুখোমুখি হচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপের ফাইনালে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।