ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কপথে যান চলাচল নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১১ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
ডিএমপি জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। প্রতিবছর ঈদের সময় প্রায় দেড় কোটির বেশি মানুষ ঢাকা ত্যাগ করেন এবং প্রায় ৪০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। এ কারণে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ
আগামী ১৬ মার্চ থেকে জরুরি প্রয়োজন ছাড়া মহানগরের যানবাহনগুলোকে কিছু গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। এসব সড়কের মধ্যে রয়েছে—
- ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক (কুড়িল–আব্দুল্লাহপুর)
- ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক (গুলিস্তান–সাইনবোর্ড)
- ঢাকা–আরিচা মহাসড়ক/মিরপুর রোড (আড়ং ক্রসিং–আমিনবাজার)
- ঢাকা–কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া–তাঁতীবাজার–বাবুবাজার ব্রিজ)
- ঢাকা–মাওয়া মহাসড়ক (গুলিস্তান–বুড়িগঙ্গা ব্রিজ)
- মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ
- আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ
- ফুলবাড়িয়া থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়ক
গণপরিবহনের জন্য নির্দেশনা
ডিএমপি গণপরিবহন মালিক ও শ্রমিকদের কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে
- আন্তজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যাবে
- সড়কে বা টার্মিনালের বাইরে বাস দাঁড় করানো যাবে না
- অনুমোদিত কাউন্টার ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না
- নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেওয়া যাবে না
- বাসের ছাদে যাত্রী বহন করা যাবে না
- গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে
- মাদক সেবন করে বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না
- বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চালানো যাবে না
যাত্রীদের জন্য সতর্কতা
যাত্রীদেরও কিছু সতর্কতা মেনে চলার অনুরোধ করেছে ডিএমপি। যেমন—
- নির্দিষ্ট কাউন্টার বা টার্মিনাল থেকে বাসে উঠতে হবে
- অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না
- মালামাল নিজের দায়িত্বে রাখতে হবে
- রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে
- চলন্ত গাড়িতে ওঠানামা করা যাবে না
কোনো জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এখনো কোনো মতামত নেই।