আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন মাত্র ১৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। ‘বিস্ময়বালক’ হিসেবে পরিচিত এই তরুণ এখন ধারাবাহিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে।
তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। তিনি বলেছেন, ১৫ বছর বয়সে সূর্যবংশী যা করছেন, তা তিনি ৩৭ বছর বয়সেও করতে পারেননি।
ESPN Cricinfo-এর টাইমআউট শোতে ব্রাথওয়েট বলেন, সূর্যবংশীকে দেখে নিজের ক্যারিয়ার নিয়ে কিছুটা ব্যর্থ মনে হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই বয়সে তিনি যেখানে পারিবারিক শাসনের মধ্যে ছিলেন, সেখানে সূর্যবংশী বিশ্বসেরা বোলারদেরও চাপে ফেলছেন।
ব্রাথওয়েট আরও বলেন, আইপিএলের মতো মঞ্চ তরুণ প্রতিভাদের বড় সুযোগ দিচ্ছে, আর সূর্যবংশী সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছেন। তার মতে, এই কিশোর ইতিমধ্যেই টুর্নামেন্টের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন।
পরিসংখ্যানেও দারুণ ছন্দে আছেন সূর্যবংশী। চলতি আসরে তিনি ৮ ইনিংসে ২৩৪.৮৬ স্ট্রাইকরেটে ৩৫৭ রান করেছেন। তার মধ্যে রয়েছে ২টি ফিফটি এবং ১টি সেঞ্চুরি। সর্বশেষ সেঞ্চুরিটি এসেছে মাত্র ৩৬ বলে, যা তাকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
বিশ্লেষকদের মতে, আইপিএলে তার আগ্রাসী ব্যাটিং ভবিষ্যতের জন্য বড় ইঙ্গিত দিচ্ছে এবং অল্প বয়সেই তিনি বিশ্ব ক্রিকেটে নজর কাড়তে সক্ষম হয়েছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।