বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা সাময়িক স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর সম্ভাব্য নির্ভরশীলতা এবং ভিসা যাচাই প্রক্রিয়া পর্যালোচনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব। তাই অভিবাসীরা যেন সরকারি সহায়তার ওপর অযথা নির্ভরশীল না হয়ে পড়েন এবং কল্যাণমূলক সুবিধার অপব্যবহার না করেন, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই-বাছাই নীতিমালা ও নিরাপত্তা প্রক্রিয়ার একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা চালানো হবে। এর লক্ষ্য হলো, অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
তবে এ সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী (Immigrant Visa) আবেদনকারীদের জন্য প্রযোজ্য। অনভিবাসী (Non-Immigrant Visa) যেমন শিক্ষার্থী (F-1), পর্যটন (B1/B2), ব্যবসা, এক্সচেঞ্জ বা অন্যান্য অস্থায়ী ভিসা কার্যক্রম আগের মতোই চলবে এবং এসব ভিসা আবেদনকারীদের ওপর নতুন সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।