মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ নিয়ে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই উদ্বিগ্ন। সরকার সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম প্রস্তুতি নিচ্ছে, যাতে কোনো ধরনের বিপর্যয় তৈরি না হয়।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পল কাপুর মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে বাংলাদেশের অনুরোধ তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে মজুত জ্বালানি ও সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে ঈদের ছুটি কিংবা মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতে পারে। তবে অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে সবার সহযোগিতা প্রয়োজন।
এদিকে দেশে হঠাৎ ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে ভারতে জ্বালানি পাচারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঠেকাতে Border Guard Bangladesh-কে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
এখনো কোনো মতামত নেই।