টাইফুন ডলফিনে চীনে ব্যাপক তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
শক্তিশালী টাইফুন ডলফিন চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর সাংহাইসহ বিভিন্ন এলাকায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
সোমবার সাংহাইয়ে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। যদিও পরে চীনের আবহাওয়া বিভাগ ডলফিনকে দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে, তবুও এর প্রভাবে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে টাইফুনটি প্রথমে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান এলাকায় আঘাত হানে। সে সময় ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। প্রায় এক ঘণ্টা পর এটি ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার আঘাত হানে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থলভাগে পৌঁছানোর আগে ডলফিন প্রায় ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে, যা সাধারণ টাইফুনের তুলনায় এর স্থায়িত্বকে তিন গুণেরও বেশি দীর্ঘ করেছে। ঝড়টির আকার এবং বৃষ্টিপাতের সক্ষমতাও ছিল উল্লেখযোগ্য।
ঝড়ের কারণে সাংহাইয়ের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ডিজনিল্যান্ড, লেগোল্যান্ড এবং দ্য বান্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থানও রয়েছে। শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নিচু এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।
ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরে প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া তাইঝৌ শহর থেকে আরও প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনে ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে নিচু এলাকায় বন্যা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।
ঝড়ের মধ্যে ঝেজিয়াংয়ের ওয়েনলিং এলাকায় ৯ বছর বয়সী এক শিশু সমুদ্রে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করেনি চীনা কর্তৃপক্ষ।
এদিকে টাইফুন ডলফিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ আনা হয়েছে।
চীনে আঘাত হানার আগে ডলফিন ফিলিপাইন, তাইওয়ানের উত্তরাঞ্চল এবং জাপানের ওকিনাওয়া অঞ্চলেও ব্যাপক বৃষ্টি ও দুর্যোগ সৃষ্টি করে। ফিলিপাইনে ঝড় ও মৌসুমি বৃষ্টির কারণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, চলমান এল নিনো পরিস্থিতির কারণে এ বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুনগুলো আরও শক্তিশালী হতে পারে। ফলে ডলফিন দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।