ইরান-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্ক সফর শেষে নিজের নির্ধারিত উড়োজাহাজ পরিবর্তন করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের সময় ট্রাম্প কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজ ব্যবহার করেছিলেন। তবে বিমানটিতে প্রচলিত এয়ার ফোর্স ওয়ান-এর মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, যা নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ বাড়িয়ে তোলে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প ও তার বহনকারী উড়োজাহাজকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার তথ্য শনাক্ত করার পর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের আগেই বিমান পরিবর্তনের সুপারিশ করে।
সিক্রেট সার্ভিসের পরামর্শ অনুযায়ী, সফর শেষে ট্রাম্প নির্ধারিত বিমান পরিবর্তন করে বিকল্প উড়োজাহাজে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী হুমকি কোনো নির্দিষ্ট বিমানের বিরুদ্ধে ছিল না। বরং ট্রাম্প যে বিমানেই ভ্রমণ করুন না কেন, তাকে লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করছিল ইরান-সমর্থিত মিত্র গোষ্ঠীগুলো।
এ বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে প্রেসিডেন্টের সফরে শেষ মুহূর্তে বিমান পরিবর্তনের ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সতর্কতারই প্রতিফলন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই, দ্য নিউইয়র্ক টাইমস
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।