আগামী তিন দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) দেওয়া পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এরই মধ্যে গতকাল রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। বিকাল থেকেই আকাশে মেঘ জমে কালবৈশাখী ঝড়ো হাওয়ার সঙ্গে এই বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির প্রবণতা বজায় থাকবে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। ২২ মার্চ নাগাদ বৃষ্টিপাত কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।
এখনো কোনো মতামত নেই।