নানা জটিলতা কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’। দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকার পর ছবিটির নতুন মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।
পিঙ্কভিলার তথ্য অনুযায়ী, রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমা আগামী ৮ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটি সম্প্রতি অনলাইনে ফাঁস হয়ে যায়। প্রথমে কিছু দৃশ্য ও গান ছড়িয়ে পড়লেও পরে পুরো ছবির এইচডি সংস্করণই ইন্টারনেটে চলে আসে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে সাইবার ক্রাইম ইউনিট আরও তিনজনকে আটক করে। তদন্তে জানা যায়, পুরো ঘটনার মূল হোতা ছিলেন একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ‘জন নায়গন’-এর ফুটেজে প্রবেশ করে ভিডিও চুরি করেন।
বিশ্লেষকদের মতে, পাইরেসির কারণে ছবিটির বক্স অফিস আয়ে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে থালাপতি বিজয়ের বিপুল জনপ্রিয়তার কারণে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি শক্তিশালী শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এটি তার ক্যারিয়ারের শেষ সিনেমা হিসেবে প্রচার হওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
এছাড়া তামিলনাড়ুর নির্বাচনের ফলাফলের পরই ছবিটি মুক্তি পাচ্ছে, যা এর ব্যবসায়িক সাফল্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।
এইচ বিনোথ পরিচালিত ছবিটিতে বিজয়কে দেখা যাবে একজন সাবেক পুলিশ কর্মকর্তার চরিত্রে। খলনায়ক হিসেবে আছেন ববি দেওল। এছাড়া পূজা হেগড়ে, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি ও নারায়ণসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে ছবিটি পঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর জটিলতায় তা পিছিয়ে যায়। জানা গেছে, ছবিটির অগ্রিম বুকিং ইতিমধ্যেই ১০০ কোটির বেশি ছাড়িয়েছে। প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই মেগা প্রজেক্টকে ঘিরে এখন তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।