একদিনের সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে সদর উপজেলার পিএমখালী এলাকায় যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা পাতলীখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। একই সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
দুপুরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজ ও স্বল্প বিশ্রামের পর বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত বিএনপির জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
দিনের শেষভাগে কক্সবাজার শহরে একটি সুধী সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।
সফর শেষে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।