চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে তা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট বিভিন্ন জটিলতার কারণে ফল প্রকাশ পিছিয়ে গেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে ২০ জুলাই ফল প্রকাশ করা যাচ্ছে না।
তবে শিক্ষা বোর্ডগুলো চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, ফল প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে এবং চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন একাধিকবার ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে সার্বিক পরিস্থিতির কারণে সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।