এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১.১৬ লাখ
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাসের হার এ বছর ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে গত বছরের তুলনায় পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী কৃতিত্ব অর্জন করেছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন শিক্ষার্থী। চলতি বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জনে। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯ জন।
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩০৩টি এবং পরীক্ষাকেন্দ্র বেড়েছে ২০১টি। তবে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি, যা ২০২৫ সালে ছিল ৪৮টি।
মাদরাসা শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ২২৬টিতে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ৮৬টি। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, যেখানে ২০২৫ সালে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।