টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী।
অভিযোগকারী হুগলির আরামবাগের বাসিন্দা এবং ‘সোনম মুভিজ’-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম। তিনি টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ জমা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে শাহিদ ইমাম জানান, ২০২১ সালে ‘মানিকজোড়’ নামে একটি সিনেমা নির্মাণের জন্য তিনি সোহমকে অর্থ দেন। পরে ছবিটির নাম পরিবর্তন করে ‘পাকা দেখা’ রাখা হয় এবং সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তার দাবি, সিনেমাটি থেকে আয় হলেও প্রতিশ্রুতি অনুযায়ী লাভের অংশ তাকে দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, পাওনা টাকা চাইতে গেলে সোহমের সহযোগী অর্ঘ্য চট্টোপাধ্যায় তাকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি সে সময় সোহম বিধায়ক থাকায় তাকে চাপ দিলে সমস্যায় পড়তে হবে বলেও ভয় দেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
শাহিদ ইমামের ভাষ্য, পরে সরাসরি সোহম চক্রবর্তীর সঙ্গে কথা হলেও তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। তার দাবি, ছবিটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি থেকেও অর্থ পেয়েছেন সোহম এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে।
এটি প্রথমবার নয়। চলতি বছরের জুন মাসেও কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনেন। তার দাবি, ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন। তবে প্রতিশ্রুত সিনেমার কাজ না হওয়ায় এবং অর্থ ফেরত না পেয়ে তিনি প্রতারণার অভিযোগ করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।