চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুমিরা ইউনিয়নের ইলিয়াছ পেট্রোল পাম্প-সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধার করা আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মো. মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।