সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ১২ সূত্র জানায়, বুধবার দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ সালমান (৩০)। তিনি কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় তার মাদক ব্যবসার নেটওয়ার্ক ছিল বলেও জানা গেছে।
অভিযানের বিষয়ে র্যাব ১২ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ ফারহান উজ জামান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।