রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নাগরিক সচেতনতা বিষয়ক একটি কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতন আচরণও একটি বড় কারণ। অনেকেই নিজেদের বর্জ্য ড্রেনে ফেলেন, যার ফলে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়।
তিনি বলেন, সরকার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলেও সেই পরিবেশ ধরে রাখার দায়িত্ব নাগরিকদেরও রয়েছে। সবাই সচেতন হলে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে অনেক সমস্যাই সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব।
জামায়াত আমির আরও বলেন, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন জনসেবামূলক সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি আরও নজর দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডা. শফিকুর রহমানের মতো দূরদর্শী নেতৃত্ব অতীতে সংসদে ছিল কি না, তা তার জানা নেই। তিনি আরও বলেন, নিজ এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডেও ডা. শফিকুর রহমান সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।