মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের মানুষকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা Shafiqur Rahman। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের অনেক প্রত্যাশা এখনও পূরণ হয়নি।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্নই ছিল সেই সংগ্রামের মূল প্রেরণা।
তার ভাষায়, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে এখনও বড় ধরনের ব্যবধান রয়ে গেছে।
বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে এবং নতুন রাজনৈতিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে সরকার গঠিত হয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচারী আচরণে না ফেরে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ নিরাপদে চলাফেরা ও স্বাধীনভাবে মতপ্রকাশ করতে চায়। নাগরিকদের জানমাল ও সম্মানের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার আহ্বানও জানান।
বিবৃতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ও গণভোটে জনগণের সমর্থন থাকার পরও এর বাস্তবায়নে ধীরগতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন।
শেষে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এখনো কোনো মতামত নেই।