বিতর্ক, ক্ষোভ আর আইনি লড়াই সবকিছুর মধ্যেও নিজেদের অবস্থানে অনড় সেনেগাল। শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের পরও ট্রফি নিয়ে উদযাপন করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে তাদের চোখে তারাই প্রকৃত চ্যাম্পিয়ন।
সম্প্রতি আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে পরে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আপিল বোর্ড সেই ফল বাতিল করে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল দল শনিবার প্যারিসের স্তাদ দে ফ্রাঁস স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচের আগে ট্রফি প্রদর্শন করে। অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে পুরো দল ট্রফি হাতে মাঠ প্রদক্ষিণ করে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করে।
দলের এই পদক্ষেপ ছিল স্পষ্ট প্রতিবাদ তাদের বিশ্বাস, মাঠের লড়াইয়ে জয়ী তারাই।
ঘটনার সূত্রপাত ফাইনালের অতিরিক্ত সময়ে। সেনেগালের একটি গোল বাতিল হওয়ার পর মরক্কোকে পেনাল্টি দেওয়া হলে প্রতিবাদে মাঠ ছাড়ে সেনেগাল দল। প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকার পর এই ঘটনাকে কেন্দ্র করেই পরে শাস্তিমূলক সিদ্ধান্ত দেয় সিএএফ।
তবে সেই সিদ্ধান্ত মেনে নেয়নি সেনেগাল। ইতোমধ্যে তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে।
দলের কোচ পাপে থিয়াও বলেন, “শিরোপা মাঠে জিততে হয়, আর আমরা সেটাই করেছি। আমাদের কাছে আমরাই চ্যাম্পিয়ন।”
অন্যদিকে মরক্কো শিবির এই বিতর্কে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। গোলরক্ষক ইয়াসিন বুনু জানিয়েছেন, তারা ভবিষ্যতের দিকেই মনোযোগী থাকতে চান।
এখনো কোনো মতামত নেই।