আগামী বছর থেকে দেশের স্কুলগুলোতে বাধ্যতামূলক খেলাধুলা চালুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানসংলগ্ন নবনির্মিত ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হবে। পাশাপাশি ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ ক্রীড়াবীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় সিজন আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, নতুন ক্রীড়া স্থাপনা নির্মাণের পরিবর্তে বিদ্যমান অবকাঠামো সংস্কার ও আধুনিকায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। ময়মনসিংহ স্টেডিয়ামসহ জেলার গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনাগুলোকে আরও ব্যবহার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সার্কিট হাউস মাঠে ক্রিকেট খেলার জন্য দুটি রোলার দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্যোক্তা ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক ফেরদৌসও অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০০৩ সালের সাফজয়ী জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে ‘দি স্পোর্টিভা’র একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।