যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জিতলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে প্রতিপক্ষ স্পেন হওয়ায় তার পরিবারের জন্য ফাইনালটি হয়ে উঠেছে বাড়তি আবেগের।
স্কালোনির স্ত্রী ও দুই সন্তানের জন্ম স্পেনে হলেও, তারা সবাই আর্জেন্টিনার সমর্থক বলেই জানিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ। ফাইনালের আগে সংবাদমাধ্যমকে স্কালোনি বলেন, তার স্ত্রী স্প্যানিশ হলেও আর্জেন্টিনা ও এই দলের প্রতি তার আবেগ সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। আর তার দুই ছেলেও বাবার দলকেই সমর্থন করবে।
২০০৮ সালে স্পেনের মায়োর্কায় স্কালোনির সঙ্গে তার স্ত্রী এলিসা মনতেরোর পরিচয় হয়। সে সময় ইতালির ক্লাব লাৎসিও থেকে ধারে মায়োর্কায় খেলছিলেন স্কালোনি। পরবর্তীতে সেখানেই তাদের সংসার শুরু হয়। ২০১২ সালে বড় ছেলে ইয়ান এবং ২০১৬ সালে ছোট ছেলে নোয়ার জন্ম হয় মায়োর্কায়।
জন্মসূত্রে স্প্যানিশ হলেও ছোটবেলা থেকেই বাবার কারণে আর্জেন্টিনার সমর্থক ইয়ান ও নোয়া। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের সময় বাবার সঙ্গে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে তাদের উদযাপন করতেও দেখা গেছে।
তবে স্কালোনির স্ত্রীর পরিবারের সদস্যদের জন্য ফাইনালটি হবে ভিন্নরকম আবেগের। মায়োর্কায় বসবাসকারী ওই পরিবারের অনেকেই স্বাভাবিকভাবেই স্পেনের সমর্থক। ফলে ফাইনালে তাদের হৃদয় দুই দলের মধ্যে ভাগ হয়ে থাকবে বলেই মনে করেন স্কালোনি।
তার মতে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও পরিবারের স্প্যানিশ অংশ শেষ পর্যন্ত খুশি থাকবে। কারণ, ম্যাচের ফল যাই হোক, পরিবারের এক পক্ষের আনন্দে অন্য পক্ষও সান্ত্বনা খুঁজে নেবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।