মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদি ফুলে ফুলে ভরে ওঠে।
সকাল ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
একপর্যায়ে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করেন।
সরেজমিনে দেখা গেছে, ৮৪ একর আয়তনের স্মৃতিসৌধ এলাকায় শিক্ষার্থী, পরিবার-পরিজন, বিভিন্ন সংগঠনের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হন। অনেকেই দলবদ্ধভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এখনো কোনো মতামত নেই।